ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ টাকা নিয়ে বিরোধের জেরে চাচীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ভাতিজা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন (৪০) কৈয়ারচালা গ্রামের তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত তৌহিদ হোসেন (১৮) তার ভাসুর লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে দুই শিশুর মধ্যে ১০ টাকা নিয়ে তর্কের ঘটনা ঘটে। এ নিয়ে পরিবারের বড়দের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভাতিজা তৌহিদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচী আয়েশাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত তৌহিদকে আটক করে।
ফুলবাড়িয়া থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



