ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের ঘটনায় সরাইল থানায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের অধিকাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে ব্যারিস্টার রুমিন ফারহানার এক কর্মী বাদি হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারকে।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘মামলার এজাহারনামীয় আসামি পাঁচজন। আর অজ্ঞাত আসামি ১৪০-১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করতে এসে হেনস্তার শিকার হন বিএনপির বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।



