সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী ভয়ঙ্কর চক্রের ১০ সদস্য আটক

রোববার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টায় এসএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই চক্রের সদস্যদের গ্রেফতারের তথ্য জানানো হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গ্রেফতার অপহরণকারী চক্রের সদস্যরা
গ্রেফতার অপহরণকারী চক্রের সদস্যরা |নয়া দিগন্ত

সমাজের উচ্চবিত্ত পরিবারের সন্তান ও ধর্ণাঢ্য ব্যবসায়ীদের টার্গেট করে অপহরণ করে ওরা। পরে বিপুল অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করাই তাদের নেশা। এমনই এক ভয়ঙ্কর অপরাধ চক্রের ১০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রোববার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টায় এসএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই চক্রের সদস্যদের গ্রেফতারের তথ্য জানানো হয়।

এসএমপির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর জিন্দাবাজার তাঁতীপাড়া পয়েন্ট থেকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাহতাবপুর গ্রামের খোকা সরকারের ছেলে সুহেল সরকারকে (২২) ১৪/১৫ জন দুষ্কৃতিকারী জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁতীপাড়াস্থ নাজমা নিবাস নামের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় অবৈধভাবে আটক করে ধারালো চাকু, কেচি দ্বারা ভয়ভীতি প্রদর্শন ও লোহার রড ও স্টিক দ্বারা মারপিট করে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল সেটও নিয়ে নেয় অপহরণকারীরা। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা সুহেল সরকারকে তার পরিহিত জামা কাপড় খোলে ভিডিও ধারণ করে। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করলে তাদের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দেবে বলে হুমকি দিয়ে ভিকটিমকে ছেড়ে দেয়।

ভিকটিম সুহেল সরকার ছাড়া পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে সেখানে অভিযান চালিয়ে ভিকটিম সুহেল সরকারের শনাক্ত ও দেখানোমতে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নগরীর গোটাটিকর এলাকার মো: সেলিম আহমদ ও জানাত আরা নাজুর ছেলে তানজিম মাহবুব নিশান (২১), শাহজালাল উপশহরের বি ব্লকের ১৫ নম্বর সড়কের ১৫ নম্বর বাসার মো: মোক্তাদির ও রনি বেগমের ছেলে আহসান হাবিব মুন্না (১৯), চৌকিদেখী ৬৪/১ নম্বর বাসার আনোয়ার মিয়া ও রোকেয়া বেগমের ছেলে মো: জাকির হোসেন (১৯), কাজীটুলা বিহঙ্গ ৭০ নম্বর বাসার বাসিন্দা আবুল হোসেন ও শেওলা বেগমের ছেলে মো: মারজান (১৯), হাওয়াপাড়া দিশারী ৮১ নম্বর বাসার রুমান আহমদ ও মুন্নি আক্তারের ছেলে ফারদিন আহমদ (১৮), হাওয়াপাড়া দিশারী ৪৪ নম্বর বাসার বাসিন্দা মানিক মিয়া ও জোস্না বেগমের ছেলে মিজান আহমদ (১৮), শিবগঞ্জের মজুমদারপাড়ার বাসিন্দা মো: রতন ও কবিতা বেগমের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮), সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার আমানতপুর গ্রামের আব্দুল মন্নান ও আসমা খানমের ছেলে সুফিয়ান আহমদ (১৯), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মন্ডলপুর গ্রামের ফয়জুল করিম ও মোসা: শেফা বেগমের ছেলে জুবাইন আহমদ (১৯) ও একই উপজেলা রায়সত্তরপুর গ্রামের মো: সুজন মিয়া ও মোসা: স্বপ্না বেগমের ছেলে মোসাদ্দেক আলী (১৮) প্রমুখ।

এসময় অপহরণকারীদের হেফাজতে থাকা অপর প্রবাসী ভিকটিম গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামের হাজী বাহার উদ্দিনের ছেলে জাহিদ আহমদকেও (৪২) উদ্ধার করা হয়।

দু’জন ভিকটিমের দুটি মোবাইল সেট ও নগদ টাকা, ঘটনায় ব্যবহৃত কেচি, চাকু, লোহার রুল আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম রাত দেড়টায় নয়া দিগন্তকে বলেন, ‘আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সোমবার তাদেরকে আদালতে সোর্পদ করা হবে।’