কালিয়াকৈরে ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসা করতে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকার প্রস্তাব দিয়ে চাপ দেয়া হচ্ছে।

মীর মোহাম্মদ ফারুক, কালিয়াকৈর (গাজীপুর)

Location :

Gazipur
গাজীপুরের ম্যাপ
গাজীপুরের ম্যাপ |ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সময় ডাম্পট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা নিয়ে মীমাংসা করতে চাপ দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায় এ ঘটনা ঘটে। লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মাসুম রানা (৩৫) লস্করচালা গ্রামের নুর উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মাঝুখান এলাকার নাসির উদ্দিনের কাছে স্থানীয় নেহাল উদ্দিন ফসলি জমির মাটি বিক্রি করেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এতে আশপাশের ফসলি জমি ধসে পড়া এবং এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে।

শনিবার রাতে ওই মাটি ডাম্পট্রাকে করে সরানোর সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মাসুমের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের না জানিয়ে তার লাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে রক্তের দাগও রয়েছে বলে জানান এলাকাবাসী।

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসা করতে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকার প্রস্তাব দিয়ে চাপ দেয়া হচ্ছে।

নিহতের বাবা নুর উদ্দিন বলেন, ‘আমার ছেলে মারা গেছে। এই শোক আমি কিভাবে সহ্য করব? এটি হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম আক্তার বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’