রাজশাহী ব্যুরো
রাজশাহী বিভাগের বিভিন্ন পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা শাখায় কর্মরত কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবন পরিদর্শন করেছেন। এ উপলক্ষে বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, নগরবাসীর সেবার মানোন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, সবুজ ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে রাসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণের পাশাপাশি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্যও পৃথক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে রাসিক প্রশাসক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে জনগণের সেবার মান আরো উন্নত করতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর পদ্ধতি প্রয়োগের মাধ্যমে নিজ নিজ পৌরসভাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।
সভায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদা পারভীন, রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



