নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালিক এবং তার ভাইকে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়।
বুধবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকায় শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুখোশধারী নয় থেকে ১০ জনের একটি দল বাড়ির কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বসতঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতরা শাহ আলমের ঘর থেকে প্রায় ছয় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ ১৫ হাজার টাকা এবং একই ভবনে থাকা তার ভাই জানে আলমের ঘর থেকে প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার ও ৭০ হাজার টাকা নিয়ে যান।
এ সময় বাধা দিলে শাহ আলমকে কুপিয়ে আহত করা হয়। তার ভাই জানে আলমকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। পরে স্বজনরা আহত শাহ আলমকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’



