পিরোজপুর শহরে আওয়ামী লীগ সমর্থিত একটি মিছিল শেষে শামীম সিকদার (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৮ মে) সকাল ৬টার দিকে শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
শামীম সিকদার পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মরহুম হান্নান সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদারের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দেয়।
এ সময় জেলা যুবদলের আহবায়ক মারুফ হাসান তার অনুসারীদের নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে বেশির ভাগ মিছিলকারী পালিয়ে গেলেও শামীম সিকদার আটক হন। পরে তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
মারুফ হাসান অভিযোগ করেন, মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বর্তমান সরকার, বিএনপি এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন স্লোগান দিচ্ছিল। এছাড়া তারা শহরে নাশকতার চেষ্টা করছিল বলেও দাবি করেন তিনি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



