বরিশাল ব্যুরো
বরিশালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) দুই দিনব্যাপী আঞ্চলিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে শহরের রহমতপুরে অবস্থিত বারির বরিশাল আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে এ কর্মশালা উদ্বোধন করা হয়।
বরিশাল আঞ্চলিক কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মো: মঞ্জুরুল কাদির।
প্রধান অতিথির বক্তব্যে ড. মঞ্জুরুল কাদির বলেন, একসময় বরিশাল অঞ্চল শস্য উৎপাদনে খুবই প্রসিদ্ধ ছিল। জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ প্রাকৃতিক প্রতিকূলতার মধ্য দিয়ে বর্তমানে এ অঞ্চলে চাষাবাদ করতে হচ্ছে। তবে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব সমস্যা মোকাবিলা করেই আমাদের উৎপাদন বাড়াতে হবে। বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।
অনুষ্ঠানে বারির সদরদফতরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সহিদুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: রফিকুল ইসলাম ও ডিএইর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ডাল গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ড. মো: ছালেহ উদ্দিন ও সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মোস্তাফিজুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে ডিএই ভোলার উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক, বরগুনার উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান, ড. মো: রফিকুল ইসলাম, ড. মো: সেলিম উদ্দিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মশিউর রহমান, ড. অঞ্জন কুমার দাস, বৈজ্ঞানিক কর্মকর্তা রাজি উদ্দিন ও স্মৃতি হাসনা বক্তব্য রাখেন।
দুই দিনব্যাপী এ কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন গবেষণা ও সম্প্রসারণ প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশ নিচ্ছেন।



