পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পর্যটকদের নিরাপদ ভ্রমণ, পরিচ্ছন্ন শহর, আইন-শৃঙ্খলা রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো: মুজিবুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ কনফারেন্স হলরুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় পর্যটননগরী শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন সাংবাদিকরা। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর সংসদ সদস্য বলেন, ‘পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানে কাজ করা হবে।’
এর আগে তিনি স্বল্প সময়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি তুলে ধরে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার ভাই। আপনাদের নিয়ে ঘন ঘন বসতে চাই এবং আপনাদের সহযোগিতায় একটি উন্নতমানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই এ অঞ্চলে।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমার দলের নেতাকর্মীরা নানাভাবে হয়রানির শিকার হয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটি আমার মাথায় আছে। কিন্তু দল ক্ষমতায় এসেছে বলে অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ থাকবে না। অন্যায় করে কেউ পার পেয়ে যাবেন এমন ধারণা যারা করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।’
ঈদের পর থেকেই অন্যায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এসময় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



