ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী হিসেবে অধ্যক্ষ মো: শামীমের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে জামায়াতের মুক্তাগাছা পৌর শাখা কার্যালয়ে উপজেলা কর্মপরিষদ ও পৌর রুকন বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও জেলা আমির আব্দুল করিমের উপস্থিতিতে এ মনোনয়ন দেয়া হয়।
এ ব্যাপারে অধ্যক্ষ মো: শামীম বলেন, ‘আল্লাহর ওপর ভরসা রেখে পৌরবাসীর দোয়া ও সমর্থন নিয়ে মুক্তাগাছা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনের লক্ষ্যে কাজ করতে চাই।’
তিনি বলেন, ‘নির্বাচিত হলে নাগরিক সেবার মান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেয়া হবে।’
দলীয় নেতাকর্মীরা জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হবে এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অধ্যক্ষ শামীম দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।



