পিরোজপুরের কাউখালীতে আলাদা আলাদা দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি বলেছেন, ‘আমাদের প্রত্যেককে সততার সাথে কাজ করতে হবে, আল্লাহকে ভয় পেলে কোনো ব্যক্তি অন্যায় ও দুর্নীতি করতে পারবে না।’
সোমবার (১৬ মার্চ) বিকেলে কাউখালী উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, ‘যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, কাজের গতি বাড়াতে হবে। সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সরকারের কোনো সম্পদ যেন অপচয় না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩৭ নম্বর শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন ও উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার সুব্রত কর্মকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ইয়াকুব হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আখতার হোসেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মো: আবু সাঈদ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ।



