শিবপুরে শিক্ষকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘শিক্ষক বিল্লাল হোসাইনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে জব্দকৃত চিঠি প্রকাশ করা হয়নি। শিগগিরই চিঠিটি প্রকাশ করা হবে।’

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

Location :

Shibpur
শিক্ষকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ |নয়া দিগন্ত

নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসাইনের (৫০) মৃত্যুর রহস্য উদঘাটন এবং মৃত্যুর আগে তার হাতে লেখা চিঠি প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টার দিকে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়।

পরে উপজেলা নিবাহী কর্মকর্তার কার্যালয়, শিবপুর মডেল থানা ও সংশ্লিষ্ট বিদ্যালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শিক্ষক বিল্লাল হোসাইন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মৃত্যুর আগে তার লিখে যাওয়া চিঠিটি পুলিশ উদ্ধার করার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে চিঠিটি প্রকাশ করছে না। কোনো কারণ ছাড়া একজন শিক্ষক আত্মহত্যা করতে পারে না। আমরা ওনার লিখিত চিঠি ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৮ জুন (বৃহস্পতিবার) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসাইনের লাশ কলেজ গেট এলাকার ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় পাশে শিক্ষক বিল্লাল হোসাইনের হাতের লেখা একটি চিঠিও উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কোহিনূর মিয়া বলেন, শিক্ষক বিল্লাল হোসাইনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে জব্দকৃত চিঠি প্রকাশ করা হয়নি। শিগগিরই চিঠিটি প্রকাশ করা হবে।