মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলার পদারকোণা গ্রামের নয়াপাড়ায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের একজনের নিহতের খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রোববার (২২ মার্চ) সকালে মরহুম আলী হোসেনের ছেলে মঞ্জু মিয়া (৬৫) ও প্রতিবেশী মরহুম গফুর মিয়ার ছেলে শান্তু মিয়ার (৫৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে তর্ক-বির্তক হয়। একপর্যায়ে দু’ পক্ষই সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) মারা যান।
মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া জানান, বাড়ির সীমানায় বস্তা দেয়া নিয়ে তর্ক-বির্তকের একপর্যায়ে আমীর হোসেন লাঠি দিয়ে আমার বাবার উপর আক্রমণ করে। এতে বাবা মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে মারা যান।
মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু দে জানান, লাশের সুরতহাল চলছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।



