মুন্সীগঞ্জ-২ আসনের (লৌহজং-টঙ্গীবাড়ি) নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘অবৈধ বালু উত্তোলনকারীদের কোনো প্রকার ছাড় দেবেন না। অবৈধ বালু উত্তোলনের কারণে পদ্মা নদীতে ভাঙনের সৃষ্টি হয়। তাই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যতো প্রকার সহযোগিতা দরকার হয়, তা আমরা করবো।’
একইসাথে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে লৌহজং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, জনসেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পরিচিত হোন। তিনি সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো: বাসিত সাত্তার, লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম, সরকারি লৌহজং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুর রহমান সিকদারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।



