পূর্বাচলে ১২ ঘোড়া জবাই, জীবিত ‍উদ্ধার ২৫টি ও বিপুল পরিমাণ হাড়

জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
জবাই করা ও জীবিত দুই ধরনের ঘোড়াই উদ্ধার করা হয়
জবাই করা ও জীবিত দুই ধরনের ঘোড়াই উদ্ধার করা হয় |ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২টি জবাই করা ঘোড়া জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় জীবিত ২৫টি ঘোড়া ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের আশপাশে অভিযান চালিয়ে ঘোড়াগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, গরুর গোশত ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে রূপগঞ্জসহ আশপাশের হাট-বাজারে বিক্রি হয়। কসাইরা ঘোড়ার গোশত ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে ক্রয় করে তা গরুর গোশত হিসেবে হাট-বাজারে বিক্রি করেন। ক্রেতারাও না জেনে ঘোড়ার গোশত কিনে প্রতারণার শিকার হচ্ছিলেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র ৩৭টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ১২টি ঘোড়া জবাই করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘোড়া জবাই করা চক্রের সদস্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে জবাই করা ১২টি ঘোড়া, জীবিত ২৫টি ঘোড়া ও আগের জবাই করা ঘোড়ার বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে।’

একটি মাদি ঘোড়া সেখানেই একটি বাচ্চা প্রসব করে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই একই এলাকায় পাঁচটি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে। সে সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জবাই হওয়া ঘোড়ার গোশত উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়।

জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।