সংবিধানে আঘাতের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশের যেকোনো সঙ্কট ও প্রয়োজনে ছাত্রসমাজ বারবার এগিয়ে এসেছে। ১৯৪৭ সালে, ১৯৭১ সালে এবং ২০২৪ সালেও ছাত্রসমাজের অবদান ছিল।’

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শাবিপ্রবি’র আলোচনা সভায় বক্তব্য রাখেন নাসীরুদ্দীন পাটওয়ারী
শাবিপ্রবি’র আলোচনা সভায় বক্তব্য রাখেন নাসীরুদ্দীন পাটওয়ারী |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সংবিধানে আঘাতের মধ্য দিয়ে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠন হবে। সেই জায়গায় শাবিপ্রবি ইনশাআল্লাহ ভবিষ্যতে ভূমিকা পালন করবে।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘অগ্নিঝরা জুলাই : রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশের যেকোনো সঙ্কট ও প্রয়োজনে ছাত্রসমাজ বারবার এগিয়ে এসেছে। ১৯৪৭ সালে, ১৯৭১ সালে এবং ২০২৪ সালেও ছাত্রসমাজের অবদান ছিল। সিলেটের ২০২৪ সালের আন্দোলনে শাবিপ্রবি একটি অন্যতম কেন্দ্র ছিল। শাবিপ্রবির শহীদ রুদ্র সেন জীবন দিয়ে লড়াই করেছেন।’

তিনি বলেন, ‘আমরা দায় ও দরদের রাজনীতি করি। বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়ার প্রয়োজন ছিল না। কিন্তু যখন উপলব্ধি করেছি যে এই সমাজের প্রতি আমার একটা দায় আছে, তখনই রাজপথে নেমেছি।’

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রায় ১ হাজার ৪০০ ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা অনেক শহীদ পরিবারের কাছে যাচ্ছি। তারা খুবই কষ্টে আছে। অর্থনৈতিক অবস্থা ভালো না। তাদের মা-বাবা বলছে, সন্তানের বিচার আমরা বাংলাদেশের মাটিতে পাবো। সেই প্রত্যাশার জায়গাটা আমরা দেখতে পারছি না।’

আহতদের প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই এখনো হাসপাতালে কাতরাচ্ছেন এবং কেউ কেউ দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন। এসব মানুষের দায়িত্ব আমাদের ওপর রয়েছে। রাজনৈতিক ভাবে কতোটুকু করা হবে, সেটা আলাদা বিষয়; কিন্তু বাংলাদেশের দায়িত্ব আমাদের নিতে হবে।’

দেশের কর্মসংস্থানের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনারা এখানে যারা আছেন, আপনারা হলফ করে বলতে পারবেন না যে ঠিক বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পরেই আপনার একটা ভালো চাকরি হবে।’

শাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ঢাকায় একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘চাকরির জন্য যারা ঢাকায় যাবেন, তারা সরকারি বা বেসরকারি যেখানেই চাকরি করুন, যাতে থাকার ও সহযোগিতার ব্যবস্থা করা যায়, সে উদ্যোগ নেয়া প্রয়োজন।’

শাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য সিলেটের বিত্তবানদের নিয়ে একটি ফাউন্ডেশন গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়টি চিন্তা করতে পারে। ওই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া যেতে পারে। এতে অনেক শিক্ষার্থীকে স্বাবলম্বী করে দেয়া সম্ভব হবে।’

সিলেটকে কর্মসংস্থান ও ম্যানুফ্যাকচারিংয়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার এখানে অনেকগুলো কারখানা তৈরি করতে পারে। ভালো প্রতিষ্ঠান ও হাইটেক পার্ক নির্মাণ করা যেতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে একটি ব্যবস্থা তৈরি করা গেলে শাবিপ্রবির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পাবেন।’

ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘শাবিপ্রবিতে নিয়মিত শাকসু নির্বাচন হতে হবে। আর এই নির্বাচনে শিক্ষার্থীদের এমন প্রতিনিধি নিশ্চিত করার আহ্বান জানান, যারা কারো কাছে নিজের মগজ বিক্রি করবে না এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য কাজ করবে।’

নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী নারী। নারীদের জন্য এমন ব্যবস্থা করতে হবে, যাতে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করার পর তারা চাকরি করতে পারেন। পরিবার ও কর্মজীবনের মধ্যে সমন্বয় করা গেলে জীবন ভারসাম্যপূর্ণ হবে। নারী-পুরুষ একসাথে কাজ করতে পারলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত করা সম্ভব হবে।’

শাবিপ্রবির নেতৃত্ব দেয়ার সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা জাস্ট স্টিয়ারিংটা হাতে নিলেই হবে। শাবিপ্রবি এখান থেকে নেতৃত্ব দিলে দেখবেন ঢাকার চেয়ে শাবিপ্রবি অনেক এগিয়ে যাবে এবং সিলেট এগিয়ে যাবে।’

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই ১ হাজার ৪০০ ভাই যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের বিচারটা বাংলাদেশে কমপ্লিট করা আমাদের প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সংস্কারটা কমপ্লিট করা প্রয়োজন। যদি এটা না হয়, তাহলে আপনার, আমার এবং বাংলাদেশের কোনো সন্তানের ভবিষ্যৎ নাই।’

সবশেষে তিনি বলেন, ‘সংবিধানে আঘাতের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠন হবে। সেই জায়গায় শাবিপ্রবি ইনশাআল্লাহ ভবিষ্যতে ভূমিকা পালন করবে।’