দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী জীবনের প্রথম ভোট দিয়েছেন ময়মনসিংহ নগরীর মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি ভোট প্রদান করেন।
ভোট দেয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে অনুভূতি ব্যক্ত করেন ন্যান্সী। তিনি জানান, ঢাকা থেকে কষ্ট করে ভোট দিতে ময়মনসিংহে এসেছেন। তবে মধ্যবয়সে এসে প্রথম ভোট দিতে পারায় তার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে।
ন্যান্সী বলেন, “অসুস্থতার কারণে প্রথমবার ভোট দিতে পারিনি। এরপর যতবার নির্বাচন হয়েছে, কোনোবারই সুষ্ঠু পরিবেশ ছিলো না। “আঁধারে ভোট হয়েছে, তাই ভোট দিতে যাইনি। ২০১৮ সালে ভোট দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু কেন্দ্রে এসে দেখি লাল কাপড়ে ঢেকে রাখা হয়েছে। সে কারণে ভোট দেয়ার সুযোগ হয়নি।”
তিনি আরো বলেন, “এবার মধ্যবয়সে এসে প্রথমবার ভোট দিতে পারছি। ভোটের পরিবেশ দেখে ভালো লাগছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। সবাই সহযোগিতাপরায়ণ। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে—এমন উদ্বেগে রাতভর ঘুম হয়নি। তবে এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ।”
দিন শেষে কোনো অঘটন না ঘটলে দেশের মানুষ নতুন করে ভাববে বলেও আশা প্রকাশ করেন ন্যান্সী। “আমার মতো দেশের আঠারো কোটি মানুষও এমনটাই প্রত্যাশা করেন,” যোগ করেন তিনি।
নিজের ভোট প্রসঙ্গে ন্যান্সী বলেন, প্রথম ভোটটি তিনি তার পছন্দের প্রার্থীকে দিয়েছেন। “তিনি যোগ্য ও উপযুক্ত প্রার্থী। সব মিলিয়ে দারুণ খুশি,” বলেন এই শিল্পী।



