সাটুরিয়ায় আগুনে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আগুনে কমপক্ষে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার কোটি টাকার মালামাল ও দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
আগুনে দোকান পুড়ে ছাই
আগুনে দোকান পুড়ে ছাই |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় আগুনে কমপক্ষে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার কোটি টাকার মালামাল ও দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দড়গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের পাহারাদার ও স্থানীয়রা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে রঞ্জিত বসাকের কাপড়ের দোকান ও জামান মেডিসিন কর্নারসহ কাপড়, ওষুধ, কসমেটিকস, মুদি মাল, স্বর্ণ, ইলেকট্রনিক্স ও চায়ের দোকানসহ মোট ১৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে দোকান থেকে নগদ টাকা বা মালামাল বের করার কোনো সুযোগ তারা পাননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ চার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সহিদুর রহমান জানান, রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে দু’টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে আশেপাশে পানির পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

তিনি আরো জানান, ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুকুমার বসাকের কাপড়ের দোকানের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে দরগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: আলীনুর বক্স রতন বলেন, ‘গভীর রাতে দরগ্রাম বাজারে আগুন লেগে প্রায় ১৫টি দোকান পুড়ে প্রায় চার কোটি টাকার মালামাল ছাই হয়ে মালিকরা নিঃস্ব হয়ে গেছে। তাদের মালামাল ও দোকানঘর পুড়ে ব্যাপক ক্ষতি তাদের পূরণ হওয়ার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা আইপিএস থেকে আগুন লাগতে পারে।’

বৃহস্পতিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।