সংসদে জানতে চাইব গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে কেনো গ্যাস নেই : মোহাম্মদ সেলিম উদ্দিন

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এ দু’টি উপজেলা প্রবাসী অধ্যুষিত প্রাকৃতিক সম্পদও সমৃদ্ধ। কিন্তু তারপর এ দু’টি উপজেলার সাথে এতোদিন বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশের কলকারখানা চলে অথচ এই অঞ্চলের মানুষ গ্যাস থেকে বঞ্চিত।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ বিয়ানীবাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা
দক্ষিণ বিয়ানীবাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা |নয়া দিগন্ত

সংসদের প্রথম অধিবেশনে গিয়ে জানতে চাইব এতোদিন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে কেনো গ্যাস থেকে বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের দক্ষিণ বিয়ানীবাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এ দু’টি উপজেলা প্রবাসী অধ্যুষিত প্রাকৃতিক সম্পদও সমৃদ্ধ। কিন্তু তারপর এ দু’টি উপজেলার সাথে এতোদিন বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশের কলকারখানা চলে অথচ এই অঞ্চলের মানুষ গ্যাস থেকে বঞ্চিত।’

তিনি আরো বলেন, ‘খুব শিগগিরই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দিনবদল হতে যাচ্ছে। আগামীদিনের সূর্যোদয় যেমন সত্য, এই দুই উপজেলার উন্নয়নও তেমন সত্য। আমি এমন এলাকা গড়ে তুলতে চাই, যেখানে আপনি দরজা খোলা রেখে ঘুমাতে পারবেন, দোকান খোলা রেখে নামাজে যেতে পারবেন।’

তিনি এমন আধুনিক ও নিরাপদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে ময়দানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন ও সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি ফরিদ আহমদ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদ আল মামুনের যৌথ পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও মুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমির কাজী মুহাম্মদ জমির হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা মুহাম্মদ বাবুল খান, নুরুল ইসলাম, আবু বক্কর নাসিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, এনসিপি সমন্বয়ক সুপ্রিয় বড়ুয়া ও সিলেট জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আদিলুর রহমান প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি