লালমনিরহাটে মাদক মামলায় এক পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো: হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো: আমিনুর রহমান (পলাতক) জেলার হাতীবান্ধার বাড়ইপাড়া (কানিপাড়া) গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মো: আবু বক্কর সিদ্দিক তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন এবং পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তারা বাড়াইপাড়া এলাকায় অবস্থান নেন। এ সময় লাল রঙের প্লাস্টিকের নেটের বস্তা কাঁধে নিয়ে এক ব্যক্তি হেঁটে আসছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা করা হয়। বিচার প্রক্রিয়ায় আদালত সাক্ষ্য-প্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে ওই রায় দেন।
উক্ত রায়ে বলা হয়, পলাতক আসামি আত্মসমর্পণ বা গ্রেফতার হওয়ার দিন থেকে দণ্ড কার্যকর হবে। বিচারাধীন সময়ে হাজতবাস করে থাকলে, সে সময় কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে বিধি অনুযায়ী ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের পিপি হুমায়ুন রেজা স্বপন জানান, বিচার প্রক্রিয়ায় আদালত সাক্ষ্য-প্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে ওই রায় দেন। পলাতক আসামি আত্মসমর্পণ বা গ্রেফতার হওয়ার দিন থেকে দণ্ড কার্যকর হবে বলে মামলার রায়ে উল্লেখ করা হয়েছে।



