রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ি সংলগ্ন রামদিয়া-বহরপুর পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মরহুম আসমত শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা বেগম উপজেলার পদমদী গ্রামে বসবাসরত তার ছেলে আব্দুল শেখের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে নিজ বাড়ি গোবিন্দপুরে ফিরছিলেন। পথে হঠাৎ তার পরনের ওড়না অটোভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ নিজ বাড়িতে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেয়া হয়েছে।



