ভোটের মাঠে আতঙ্ক নয়, সতর্ক অবস্থানের আহ্বান জকসু ভিপির

রাজনীতিতে টিকে থাকতে হলে অহংকার নয়, বরং ভোটারদের কাছে গিয়ে তাদের মন জয় করাই একমাত্র পথ।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Barishal
বক্তব্য রাখছেন জকসু ভিপি
বক্তব্য রাখছেন জকসু ভিপি |নয়া দিগন্ত

নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও বিভিন্ন ধরনের হুমকির প্রেক্ষাপটে ভোটারদের আতঙ্কিত না হয়ে সতর্ক ও দায়িত্বশীল অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো: রিয়াজুল ইসলাম। ভোটের দিন শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই যেকোনো অনিয়ম প্রতিহত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম খানের সমর্থনে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

জকসু ভিপি বলেন, ‘নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকায় হুমকি-ধামকি ও সহিংসতার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ভোলা ও বাউফলের ঘটনার কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং ভোটারদের আরো সচেতন ও সংগঠিত থাকতে হবে।’

এসময় তিনি বলেন, ‘বিরোধী রাজনৈতিক শক্তির ভেতরে শৃঙ্খলা ও নেতৃত্বের অভাব রয়েছে। তাদের হুমকিকে গুরুত্ব না দিয়ে জনগণের শক্তির ওপর আস্থা রাখতে হবে। দিন শেষে জনগণের রায়ই নির্ধারণ করবে বিজয়ী কে হবে ‘

জকসু ভিপি আরো বলেন, ‘ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়েই যেকোনো অপচেষ্টা ব্যর্থ করে দেয়া সম্ভব। জনগণের ঐক্যই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।’

পূর্বের আন্দোলনের প্রসঙ্গ টেনে রিয়াজুল ইসলাম বলেন, ‘অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ বুক পেতে লড়াই করেছে। সেই অভিজ্ঞতা থেকেই প্রমাণ হয়, সাহস ও ঐক্য থাকলে যেকোনো অপশক্তিকে পরাস্ত করা সম্ভব। রাজনীতিতে টিকে থাকতে হলে অহংকার নয়, বরং ভোটারদের কাছে গিয়ে তাদের মন জয় করাই একমাত্র পথ।’

বরিশালের মানুষের সাহসিকতার প্রশংসা করে জকসু ভিপি বলেন, ‘এই অঞ্চলের মানুষ প্রতিবাদী ও দৃঢ়চেতা। তারা যদি ভোটকেন্দ্রে দায়িত্বশীল অবস্থান নেয়, তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।’

পথসভায় আরো বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, গৌরনদী পৌর জামায়াতের আমির হাফিজুর রহমান, উপজেলা জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন সবুজসহ স্থানীয় নেতারা। পথসভার শেষ পর্যায়ে জকসু ভিপি রিয়াজুল ইসলামের নেতৃত্বে মাহিলাড়া বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা–বরিশাল মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে।