টাঙ্গাইলের ৮টি আসনে জামানত হারালেন ২৭ প্রার্থী

টাঙ্গাইল-১ আসনে চারজন, টাঙ্গাইল-২ আসনে দু’জন, টাঙ্গাইল-৩ আসনে দু’জন, টাঙ্গাইল-৪ আসনে তিনজন, টাঙ্গাইল-৫ আসনে সাতজন, টাঙ্গাইল-৬ আসনে পাঁচজন, টাঙ্গাইল-৭ আসনে একজন এবং টাঙ্গাইল-৮ আসনে তিনজন জামানত হারিয়েছেন।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৪৭ জন প্রার্থী। এরমধ্যে ২৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ঘোষিত ফলাফল পর্যালোচনা করে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য ভোট প্রয়োজন মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ। কিন্তু টাঙ্গাইলের ২৭ জন প্রার্থীর কেউই সেই পরিমাণ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।

এর আগে, গত বৃহস্পতিবার রাত পৌনে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার শরীফা হক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামানত হারিয়েছেন চারজন। তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ ইলিয়াস হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী হারুন অর রশীদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও আসাদুল ইসলাম। তবে এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে জামানত হারানো দু’জন প্রার্থী হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোয়ার হোসেন সাগর এবং জাতীয় পার্টির হুমায়ুন কবীর তালুকদার।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনেও দু’জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী আইরিন নাহার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে সর্বোচ্চ সাতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এ কে এম শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার, জাতীয় পার্টির মোজাম্মেল হক, গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হাসরত খান ভাসানী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারিয়েছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- জাতীয় পার্টির তারেক শামস খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আখিনুর মিয়া, জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম, স্বতন্ত্র প্রার্থী মো: জুয়েল সরকার ও মুহাম্মদ আশরাফুল ইসলাম।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামানত হারানো একমাত্র প্রার্থী হলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির তোফাজ্জল হোসেন।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়ার মাহমুদ, আমজনতা দলের আলমগীর হোসেন এবং জাতীয় পার্টির নাজমুল হাসান।