চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার থেকে গরু কিনে বাসার পথে যাচ্ছিলেন সরোয়ার হোসেন। পথে অনেকেই ডেকে জিজ্ঞাসা করছেন, ও ভাই গরু কত অইছে (গরু কত হয়েছে) কোরবানির ঈদ আসলেই সবচেয়ে সুপরিচিত প্রশ্ন, ভাই গরুর দাম কত বা কত দিয়ে কিনলেন?
মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন বাজারে উঠেছে কোরবানির পশু। ইতোমধ্যেই অনেকেই কিনে ফেলেছেন। তবে গরু কিনে বাড়ি ফেরার সময় দাম নিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে মধুর সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতাদের।
সরেজমিনে বৃহস্পতিবার উপজেলার বড়তাকিয়া ও মিঠাছরা বাজার ঘুরে দেখা গেছে, হাট থেকে মাঝারি সাইজের একটি গরু কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন এক ক্রেতা সরোয়ার হোসেন। গরু দেখে আরেক ক্রেতা সরোয়ারকে জিজ্ঞাসা করেন, ভাই কত দিয়ে কিনলেন গরুটা?
এ বিষয়ে সরোয়ার হোসেন বলেন, ভালো গরু পাওয়ার আশায় সকাল সকাল গরু কিনতে এসেছিলাম। হাট ঘুরে গরুটি পছন্দ হওয়ায় ১ লাখ ৪০ হাজারে কিনেছি। তবে বাড়ি নিয়ে যাওয়ার সময়ই পড়তে হচ্ছে সমস্যায়। আশপাশের মানুষ ডেকে ডেকে গরুর দাম জানতে চাইছেন। সবাইকে উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি।
সরোয়ারের সাথে থাকা রাকিব নামে এক ব্যক্তি বলেন, গরু কিনে বাড়ি নিয়ে যাওয়ার সময় প্রতিবছরই গরুর দাম জিজ্ঞেস করেন সাধারণ মানুষ। এটা নতুন কিছু না। তবে আজকে হাটের দাম নিয়ে মানুষের আগ্রহ তুলনামূলকভাবে বেশি।
এদিকে বারইয়ারহাট ঘুরে দেখা গেছে, হাটে উঠেছে গরু ও ছাগল। স্থানীয় ও আশপাশের এলাকা থেকে এসেছে কোরবানির পশু।
বেপারীরা জানান, সড়কপথে ট্রাকে করে কোরবানির পশু আনছেন অনেকে। করেরহাট থেকে আসা এক খামারি আব্দুল আউয়াল জানান, ট্রাকে করে ১০টি গরু নিয়ে এসেছি। প্রতিটি গরুর দাম ধরেছি ১ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার পর্যন্ত। তবে বড় সাইজের গরুগুলো ২ লাখ পর্যন্ত দাম পেলে বিক্রি করে দেব।
ক্রেতারা বলছেন, গরুর দাম এবার আকাশছোঁয়া। গতবার যে গরু ৯০ থেকে ১ লাখ টাকায় পাওয়া গেছে, সেই গরুর দাম দেড় লাখ টাকা চাচ্ছেন বেপারীরা। তবে বড় গরুর দাম তুলনামূলক কম।
মেজবাহ উদ্দিন নামে এক ক্রেতা বলেন, এবারের কোরবানির বাজারের প্রথম কয়েক দিন খুব বেশি দাম ছিল। বুধবার থেকে গরুর দাম কিছুটা কমে গেছে।
বড়তাকিয়া বাজার ইজারা কমিটির পরিচালক কামাল উদ্দিন বলেন, সোমবারের তুলনায় বৃহস্পতিবার বেশি গরু বাজারে উঠেছে। বেচা-কেনাও ভালো হচ্ছে। মধ্যরাত পর্যন্ত বেচা-কেনা চলবে। পর্যাপ্ত স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে রয়েছেন।



