বিএমডিএ-এর দায়িত্ব নিলেন নবনিযুক্ত নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম

বিএমডিএ শুধু একটি প্রতিষ্ঠান নয়; বরেন্দ্র অঞ্চলের কৃষক ও মানুষের জীবন-জীবিকার সাথে প্রতিষ্ঠানটি গভীরভাবে সম্পৃক্ত।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
দায়িত্ব বুঝে নিচ্ছেন বিএমডিএ-এর নবনিযুক্ত নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম
দায়িত্ব বুঝে নিচ্ছেন বিএমডিএ-এর নবনিযুক্ত নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম |নয়া দিগন্ত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো: জাহাঙ্গীর আলম খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি।

রাজশাহীতে পৌঁছানোর পর নবনিযুক্ত নির্বাহী পরিচালক গোদাগাড়ী উপজেলায় বিএমডিএর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন। পরে তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ে যান। সেখানে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। বিভিন্ন সংগঠন ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নতুন নির্বাহী পরিচালককে স্বাগত জানাতে এসময় বিএমডিএ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেয়া বক্তব্যে জাহাঙ্গীর আলম খান বলেন, ‘বিএমডিএ শুধু একটি প্রতিষ্ঠান নয়; বরেন্দ্র অঞ্চলের কৃষক ও মানুষের জীবন-জীবিকার সাথে প্রতিষ্ঠানটি গভীরভাবে সম্পৃক্ত। এ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বেরও বিষয়।’

তিনি বিএমডিএর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের অবদানের কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। একই সাথে বিএমডিএর বর্তমান চেয়ারম্যান এবং উপদেষ্টা রিহান আসিফ আসাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবনিযুক্ত নির্বাহী পরিচালক বলেন, ‘আমি বিএমডিএর সব কর্মকর্তা-কর্মচারীকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে কৃষকবান্ধব কার্যক্রম জোরদার করা, সেচ ব্যবস্থাকে আরো কার্যকর ও টেকসই করা এবং বরেন্দ্র অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও পরিকল্পিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদনের অন্যতম প্রধান ভিত্তি সেচ ব্যবস্থা। তাই ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। সেচ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পানির অপচয় রোধ, সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।’

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী যদি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করেন, তাহলে বিএমডিএ আরো শক্তিশালী ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে। আমরা সবাই মিলে এমন একটি বিএমডিএ গড়ে তুলতে চাই, যার সুফল সরাসরি বরেন্দ্র অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ পাবেন।’

তিনি দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে বিএমডিএকে আরো গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে দায়িত্ব গ্রহণের পর সোমবার দুপুরে বিএমডিএর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন নবনিযুক্ত নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম।

সভায় বিএমডিএ-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল লতিফ, মো: নাজিরুল ইসলাম, মো: জিন্নুরাইন খান, মো: শিবির আহমেদ, মো: মনিরুজ্জামান মনির ও মোসা: রুবিনা খাতুন; নির্বাহী প্রকৌশলী ও সচিব মো: এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, মো: তোফাজ্জল আলী সরকার, মো: তরিকুল ইসলাম, মো: মোস্তাফিজুর রহমান, মো: আতিকুর রহমান ও মো: সৈয়দ জিল্লুর বারী উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজ (২০৮৮) সিবিএ সভাপতি মো: মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ফারুক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাত পারভেজ ও সাধারণ সম্পাদক সামসুল আলমসহ বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার, সহকারী প্রকৌশলী ও উচ্চতর উপ-সহকারী প্রকৌশলীরা সভায় উপস্থিত ছিলেন।

বিএমডিএর জনসংযোগ শাখা জানিয়েছে, গত ১১ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো: জাহাঙ্গীর আলম খানকে কৃষি মন্ত্রণালয়ের অধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।