শিশুর শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশাচালককে গণপিটুনি

শিশুকে শ্লীলতাহানির অভিযোগ সুমনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
অভিযুক্ত সুমন
অভিযুক্ত সুমন |নয়া দিগন্ত

নোয়াখালীর চাটখিল পৌরসভায় চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবু বকর সিদ্দিক ওরফে সুমন (৪৩) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) বিকেলে দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সুমনকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

অভিযুক্ত সুমন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার কংসি বাড়ির আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাটখিল গ্রামে চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্তের পরিচয় নিশ্চিত করেন। সোমবার অটোরিকশাচালক সুমন ওই এলাকায় আবার গেলে স্থানীয়রা তাকে চিনে ফেলেন। পরে তাকে গণপিটুনি দেন তারা। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চাটখিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সুমনকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’