ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদ্যান কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সাদেকুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আ ন ম শিবলী সাদিক।
অনুষ্ঠানে সফল কৃষক ও কৃষি উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। বিভিন্ন ফিল্ড স্কুলের কার্যক্রম উপস্থাপনের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা সরকারের কৃষি উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে তাদের অর্জন তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ সাদেকুজ্জামান বলেন, ‘পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো এবং উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে ফিল্ড স্কুল, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও নতুন প্রযুক্তির সঠিক ব্যবহারের ফলে ডিমলা এখন খাদ্যে উদ্বৃত্ত উপজেলায় পরিণত হয়েছে। নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব কৃষির প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘মাটির উপরিভাগের উর্বর টপসয়েল যেন কেটে নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। অসতর্কতায় টপসয়েল নষ্ট হওয়ায় কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। এই সীমিত জমি আমাদের জাতীয় সম্পদ। এটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’
সমাপনী বক্তব্যে ইউএনও মো: ইমরানুজ্জামান বলেন, ‘আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, জলবায়ু পরিবর্তন সহনশীল চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিকে লাভজনক বাণিজ্যিক পেশায় রূপান্তর করতে হবে। অতিরিক্ত রাসায়নিক সারের পরিবর্তে পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।
এছাড়া ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হালিমুল হোসেন রাসেল, উপজেলা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা আশিকুর রহমান, ছাত্রদল প্রিন্স লেমনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।



