জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয় সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মুকিরচর হাফেজ মোড় এলাকায় জিঞ্জিরাম নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে নদীতে একটি বস্তু ভেসে যেতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ভেলা ও নৌকা নিয়ে কাছে গিয়ে তারা দেখতে পান, সেটি একজন মধ্যবয়সী পুরুষের লাশ। এরপর বিষয়টি সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, লাশটি কোথা থেকে ভেসে এসেছে, নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।



