শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস সিন্টিকেট, গ্রেফতার ২

ডিজিটাল ডিভাইস চক্রের একটি শক্তিশালী সিন্ডিকেট প্রতিটি নিয়োগ পরীক্ষার সময় সক্রিয় হয়। এরা বিশেষ ডিজিটাল ডিভাইস দিয়ে উত্তর সমাধান করে দেয়ার জন্য প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে দুই-পাঁচ লাখ টাকা পর্যন্ত চুক্তি করত।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার
শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার |নয়া দিগন্ত

সরকারি সহকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা উপলক্ষে সক্রিয় হয়েছে ডিজিটাল ডিভাইস সিন্ডিকেট। এই সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিশেষ ডিজিটাল ডিভাইস ও মোবাইলফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর ক্যাপ্টেন ব্যাকোলোজি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দু’জন রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর ক্যাপ্টেন ব্যাকোলোজি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইলফোন ও ডিভাইস উদ্ধার করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় মোটা অংকের টাকার বিনিময়ে এই ডিভাইস ব্যবহার করে বাইরে থেকে প্রশ্নের সমাধান করার প্রস্তুতি নিচ্ছিল তারা। গ্রেফতার দু’জন পরীক্ষার্থীদের সাথে চুক্তির কাজে নিয়োজিত ছিলেন।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, ডিজিটাল ডিভাইস চক্রের একটি শক্তিশালী সিন্ডিকেট প্রতিটি নিয়োগ পরীক্ষার সময় সক্রিয় হয়। এরা বিশেষ ডিজিটাল ডিভাইস দিয়ে উত্তর সমাধান করে দেয়ার জন্য প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে দুই-পাঁচ লাখ টাকা পর্যন্ত চুক্তি করত। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে থাকায় তারা পুলিশের জালে ধরা পড়েছে। সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।