বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক।
আজ বুধবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ অবরোধে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে চলাচলকারী যানবাহন আটকে পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসীকে ভোগান্তি সম্পর্কে সতর্ক করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।
বিভাগটি জানায়, শ্রমিকরা ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দেয়ায় কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স মোতায়েন রয়েছে।
বিকল্প রুট হিসেবে খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী-বনানীর দিকে যাওয়া, রামপুরা থেকে বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১ ও ২ হয়ে উত্তরা, অথবা নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়ে উত্তরের দিকে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। রামপুরাগামী যাত্রীরা কুড়াতলী হয়ে মহাখালী, কাকলী, আমতলী বা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, বুধবার দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।



