নাটোরের সিংড়ায় মাটির নিচে পানির ট্যাংকিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে রুবেল হোসেন (৩৪) নামের এক তেল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। একইসাথে মজুদকৃত তেল আগামী দুই দিনের মধ্যে দোকানে স্থানান্তরের নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি বাঁশের ঝাঁড়ে মাটির নিচে পানির ট্যাংকিতে অবৈধভাবে তেল সংরক্ষণের খবরে অভিযান পরিচালনা করা হয়। পরে খোলা জায়গায় অবৈধভাবে পানির ট্যাংকিতে ১০ হাজার লিটার জ্বালানি তেল সংরক্ষণের অপরাধে ওই ব্যবসায়ীকে জরিমানা করেন ইউএনও।
এদিকে, একই সময়ে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীর আট হাজার টাকা জরিমানা করেন নাটোর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান টিপু।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুসারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা এবং উপজেলার চারটি তেল পাম্প ও খুচরা তেল বিক্রেতাদের দোকানে দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়েছে।’


