কিশোরগঞ্জের কটিয়াদীতে মাছ শিকার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে গচিহাটা রেলস্টেশনের অদূরে রেললাইনে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে, রোববার (১২ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার সহশ্রম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা রেলস্টেশন থেকে কিছুটা অদূরে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
নিহত মাসুদ গচিহাটা এলাকার চাঁন মিয়ার ছেলে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহশ্রম-ধুলদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আজিজুল হক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মাসুদ নিয়মিত মাছ শিকার করতেন। এক দিন আগে তার একটি জাল চুরি হয়ে যাওয়ায় তিনি নতুন একটি জাল কিনে মাছ ধরতে যান।
স্থানীয়দের ধারণা, রাতভর জাল পাহারা দিতে গিয়ে তিনি অসাবধানতাবশত রেললাইনের ওপর বা পাশে ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য ছিলেন।
কটিয়াদী গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আরিফ হক ভূঁইয়া জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা সত্য। অসাবধানতাবশত রেললাইনের ওপর বা পাশে ঘুমিয়ে পড়ার কারণে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।



