নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফের ২০২৫-২৬ অর্থ বছরের ঐচ্ছিক তহবিলের অর্থ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম রুহুল আমীন, নীলফামারী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার রায়, নীলফামারী সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের এক লাখ ৮৩ হাজার ৫০০ টাকা সদর উপজেলার ২৮ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের অনেক অবদান রয়েছে। তাদের অবদান আমারা কখনো ভুলতে পারব না। তাই আমার প্রথম সরকারি বরাদ্দের অর্থ এই মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করলাম।’



