কেন্দুয়ায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার বিকেলে ধান শুকানোকে কেন্দ্র করে স্থানীয় জসিম উদ্দিন গ্রুপের লোকদের সাথে রহিম উদ্দিন গ্রুপের লোকদের বাগ্বিতণ্ডা হয়।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
নিহত রহিম উদ্দিন
নিহত রহিম উদ্দিন |নয়া দিগন্ত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে রহিম উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার বলাইশিমুল গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন।

নিহত রহিম উদ্দিন বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ধান শুকানোকে কেন্দ্র করে স্থানীয় জসিম উদ্দিন গ্রুপের লোকদের সাথে রহিম উদ্দিন গ্রুপের লোকদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হন। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিন গুরুতর আহত হন। আহত অবস্থায় রহিম উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ শনিবার বিকেলে নয়া দিগন্তকে বলেন, ‘এখন পর্যন্ত লাশ এসে পৌঁছায়নি। বিষয়টি তদন্ত করে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।’