বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত কাছারি বাড়ি প্রবেশে নিষেধাজ্ঞার দু’ দিন পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকালে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এক দর্শনার্থীকে প্রবেশ টোকেন হাতে দিয়ে কাছারি বাড়িতে প্রবেশ উন্মুক্তের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। কাছারি বাড়িতে প্রবেশ উন্মুক্ত করায় দর্শনার্থীরা খুশি।
জেলা প্রশাসক বলেন, ‘রবীন্দ্র কাছারি বাড়িতে কোনো প্রকার হামলার ঘটনা ঘটেনি। সম্পূর্ণ অক্ষত রয়েছে কাছারি বাড়ি। হামলা হয়েছে মূলত কাছারি বাড়ির পাশেই রবীন্দ্র অডিটোরিয়ামে। সেটাও কাছারি বাড়িকে টার্গেট করে নয় বরং প্রবেশ টোকেন নিয়ে একজন প্রবাসী দর্শনার্থীর সাথে স্টাফদের ব্যক্তিগত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে। কোনো মৌলবাদ বা কোনো রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটেনি।’
সেইসাথে রবীন্দ্র কাছারি বাড়িতে আর কোনো নিরাপত্তার ঘাটতি নেই উল্লেখ করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি।
এ সময় প্রত্নতত্ত্ব অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মো: ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান, সহকারী কমিশনার মো: মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, উপজেলা জামায়াত আমির অধ্যাপক মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত হোসেন উপস্থিত ছিলেন। দর্শনার্থীদের প্রবেশ উন্মুক্ত করে তারা কাছারি বাড়ি পরিদর্শন করেছেন।
তদন্ত কমিটির প্রধান প্রত্নতত্ত্ব অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) বলেন, ‘ইতোমধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। খুব শিগগিরই ঘটনার বিস্তারিত রিপোর্ট তৈরি হবে। তদন্ত রিপোর্ট দেখে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’
পুলিশ সুপার জানান, কবিগুরুর কাছারি বাড়িতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আর কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। ঘটনার সাথে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান। বাসস



