খুলনায় দু’টি বিদেশী পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন, তিনটি বাটনফোন, চারটি স্মার্টফোন ও নগদ দেড় লাখ টাকাসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২ আগস্ট) দুপুরে নগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া তিন সন্ত্রাসী হলেন— পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া গ্রামের ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের সুজন (৩৮) ও বরগুনা জেলার বেতাগী উপজেলার আমুয়া গ্রামের নান্না বেপারী (৫৭)। তারা সবাই খুলনার শীর্ষ মাদককারবারি ও সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির সদস্য।
র্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মো: নাজমুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লবণচরার রায়পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে নগরীর শীর্ষ মাদককারবারি ও সন্ত্রাসী বি কোম্পানির তিন সদস্য ইলিয়াস, সুজন ও নান্না বেপারীকে গ্রেফতার করা হয়।
এ সময় নান্না বেপারীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস ও সুজনের হেফাজতে থাকা দু’টি বিদেশী পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন, তিনটি বাটনফোন, চারটি স্মার্টফোন ও নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা, পিরোজপুর ও বরগুনা জেলায় হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।



