চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি ঘিরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। একইসাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে চুয়াডাঙ্গা জেলা শহরের হাসান চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার রুহুল কবীর খানসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, চুয়াডাঙ্গা জেলা বিএনপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে ফাতেহা ও দরুদ পাঠ শেষে বীর শহীদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সকাল ৮টায় চুয়াডাঙ্গা শহরের পুরোনো স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউটস, বিএনসিসি, আনসার-ভিডিপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। বেলা ১১টায় শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে জেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।



