সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো: ফখরুল ইসলাম তেরা মিয়া (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শেওলা-জকিগঞ্জ সড়কের আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফখরুল ইসলাম তেরা মিয়া জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের মরহুম আব্দুশ শুক্কুর মিয়ার ছেলে। তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জকিগঞ্জ বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তেরা মিয়া। এসময় আনন্দপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে সিলেট নেয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
নিহতের ছেলে সাঈদুর রহমান সাঈদ জানান, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হবে না।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির সিলেটে নেয়ার পথে নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’



