সিলেটে হাম উপসর্গে এক দিনে হাসপাতালে ভর্তি ১৩৮

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯৭৯ জন। এর মধ্যে সিলেটে ৩১১ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা |ফাইল ছবি

সিলেটে হাম পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যুহীন এই দিনেই সন্দেহজনক হাম রোগীর হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড হয়েছে। এক দিনে নতুন করে ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৮ জনে।

একই সময়ে আরো আটজনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯ জনে। হাম ও উপসর্গে মৃতের সংখ্যা আগের মতোই ১৩৬ জন।

সোমবার (১৭ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল হক।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৩৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩ জন, রাজীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দু’জন রয়েছে।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩২৮ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১৬ জন, রাজীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ছয়জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯৭৯ জন। এর মধ্যে সিলেটে ৩১১ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জন। শনাক্তের দিক থেকে সুনামগঞ্জ শীর্ষে রয়েছে। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দু’জন রুবেলা রোগী রয়েছে।

চলতি বছরে হাম ও উপসর্গে মারা যাওয়া ১৩৬ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ছয়জনের। বাকি ১৩০ জন মারা গেছে হামসদৃশ উপসর্গ নিয়ে। জেলাভিত্তিক হিসাবে সুনামগঞ্জে ৫৫ জন, সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৭ জন ও মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।