১০ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মাছ আহরণ

সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা পুনরায় শুরু হচ্ছে।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ |নয়া দিগন্ত

সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে আবারো উন্মুক্ত হচ্ছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মৎস্য শিকার। ১১ আগস্ট সকাল ৬টা থেকে একযোগে শুরু হবে মাছ পরিবহন ও বাজারজাতকরণ।

রুই জাতীয় মাছের সুষম প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে গত ২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

আজ সোমবার (২৭ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসক কাযালয়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণ ও বাজারজাতকরণের অনুমতি প্রদান-সংক্রান্ত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক সভায় জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা আশরাফী এই সিদ্ধান্ত জানান।

জেলা প্রশাসন জানিয়েছে, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে ২৫ এপ্রিল থেকে তিন মাসের জন্য মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রজনন মৌসুম সম্পন্ন হওয়ায় ১০ আগস্ট মধ্যরাত থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দায়িত্বশীল কর্তৃপক্ষ, ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে ১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ১১ আগস্ট সকাল ৬টা থেকে হ্রদের মাছ আহরণ, পরিবহণ ও বিপণন করা যাবে।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি উদ্যোগে আয়োজিত সভায় অন্যদের মধ্যে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান, বিএফআরআই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেন, মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া, মৎস্য ব্যবসায়ী মো: মাহফুজ, মৎস্য ব্যবসায়ী মো: আব্দুল শুক্কুর প্রমুখ উপস্থিত ছিলেন।