নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী। তারা হলেন গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন (জাহাজ)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গোলাকান্দাইল বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এসময় রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি নূরুন্নবী ভুঁইয়া, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শহিদুল্লাহ খাঁন, সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব হাসান বাবুল, হারুন খাঁন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি সবুজ আহম্মেদ উপস্থিত ছিলেন।
এর আগে, গতকাল বুধবার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হাড়ারবাড়ি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এসময় উপস্থিত বিএনপির নেতাদের হাতে তিনি ধানের শীষ প্রতীক তুলে দেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ দুলাল হোসেন বলেন, ‘তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে বিএনপি ও ধানের শীষের পক্ষে কাজ করবো। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জীবন-মরণের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জয়লাভ করা ছাড়া কোনো বিকল্প নেই। তাই আমার ভাই মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের অপর প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: আনোয়ার হোসেন মোল্লা (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: ইমদাদুল্লাহ হাশেমী (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো: মনিরুজ্জামান চন্দন (কাস্তে) ও ইনসানিয়াত বাংলাদেশের মো: রেহান আফজাল (আপেল)।



