প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁওয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করার পরপরই গফরগাঁওয়ে স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও ও পৌর প্রশাসক মোহাম্মদ ইউসুফ।
উদ্বোধনকালে তিনি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচিকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
এ সময় গফরগাঁও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা মো: বদরুল আলম, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মো: আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান, পৌর কর নির্ধারক মো: হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি প্রশাসক, ইউপি সদস্য, ইউপি সচিব, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউটস, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি সদস্যরা অংশ নেন। এ সময় সবাইকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।


