মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দাবি বাস্তবায়নে প্রশাসনকে সাত কর্মদিবসের আল্টিমেটাম দিয়েছে জেলার সংবাদকর্মীরা।
রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো: মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্যের সাথে জড়িত। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় এনটিভির মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং স্থানীয় সংবাদকর্মী আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা বলেন, প্রায় ৩৮ বছর ধরে একই কর্মস্থলে থেকে ওই কর্মচারী একটি প্রভাবশালী দুর্নীতির চক্র গড়ে তুলেছেন। জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক তার অনিয়মের শিকার হয়েছে বলেও দাবি করা হয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু বলেন, ঘুষ গ্রহণের ভিডিও থাকা সত্ত্বেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সাতদিনের মধ্যে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জেলার প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের সব ধরনের সংবাদ প্রকাশ বন্ধ রাখার কর্মসূচি দেয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত। দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিকরা কলম বিরতিতে যেতে বাধ্য হবেন।
সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালামসহ অন্যান্য বক্তারা অবিলম্বে অভিযুক্ত কর্মচারীর অপসারণ এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।



