জামালপুরের দেওয়ানগঞ্জে সাত কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। মাদক নির্মূলে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র সানন্দবাড়ী বাজার এলাকা থেকে গাঁজা বহনকারী ওই নারীকে আটক করা হয়।
আটক নারী উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সিলেটপাড়া গ্রামের মো: আয়নাল হকের স্ত্রী।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মাদকের নির্মূল বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করে যাচ্ছি। যে কোনো মূল্যে দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক নির্মূল করার আশা রাখছি আমরা।’



