মানিকগঞ্জ শিবালয় উপজেলার আলোকদিয়া চরাঞ্চলে অবৈধভাবে নদীর বালুমাটি কাটার টাকার ভাগাভাগি নিয়ে অতর্কিত হামলায় মিরাজ (৫০) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিবালয় উপজেলার আলোকদিয়া চরাঞ্চলে অবৈধভাবে নদীর বালি মাটি কাটার টাকার ভাগাভাগি নিয়ে দু’টি গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ করে অস্ত্রধারী বাহিনী বালু মাটি কাটায় রত লোকজনের উপরে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মিরাজ নামের একজন গুলিবিদ্ধ হন।
তাকে মানিকগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মিরাজের বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে এবং তিনি জনৈক হাজী সাহেবের ক্যাশিয়ার কাম ম্যানেজার বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। মিরাজ দীর্ঘদিন যাবত আলোকদিয়া এলাকায় বসবাস করছিলেন এবং বালু কাটার হিসাবের কাজটিও তিনি করছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ ব্যাপারে শিবালয় থানা অফিসার ইনচার্জ বলেন, আলোকদিয়া চরে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমরা বিস্তারিত খোঁজখবর নিতে অলোকদিয়ায় যাচ্ছি এবং যারা দোষী তাদেরকে আইনের আওতায় দ্রুত নিয়ে আসার আশ্বাস দেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে চরাঞ্চলের কয়েকজন বলেন, আলোকদিয়ার চরাঞ্চলের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু ডাকাত ও তার ছেলে জামালসহ কয়েকজন এ বালু উত্তোলনের সাথে জড়িত। অপরদিকে যারা চাঁদা দাবি করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তারা দু’গ্রুপই সরকারি দলের আশীর্বাদপুষ্ট বলে জানিয়েছেন চরবাসীরা।
শিবালয় উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাছির উদ্দীন বলেন, ‘বাবু ডাকাত আওয়ামী লীগের লোক এটা নিশ্চিত। এবং অনেকেই এখন নিজেদের বিএনপি হিসেবে পরিচয় দিয়ে সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। তবে বিএনপির কেউ এর সাথে জড়িত নয়।’
শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাবলু বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই।’



