মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুকন্যাকে হত্যা করলেন বাবা

চাচা আটক

মা সুমাইয়া আক্তার চা দিতে দেরি করায় ঝগড়াঝাটির এক পর্যায়ে জন্মদাতা বাবা ওসমান গণি মায়ের কোল থেকে শিশুকন্যা সাবরিনা জান্নাত মাহিরাকে ছিনিয়ে নিয়ে মাটিতে দুটি আছাড় দেন।

আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)

Location :

Chattogram
অভিযুক্ত বাবা ওসমান গণি
অভিযুক্ত বাবা ওসমান গণি |সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে দুই মাসের শিশুকন্যাকে মাটিতে আছড়ে মারলেন ওসমান গণি নামে এক পাষণ্ড বাবা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। হতভাগা শিশুটির নাম সাবরিনা জান্নাত মাহিরা।

হাটহাজারী মডেল থানার এসআই হাবিব জানান, মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চারিয়া মুরাদপুর এলাকার ইব্রাহীম মেম্বার বাড়িতে মা সুমাইয়া আক্তার চা দিতে দেরি করায় ঝগড়াঝাটির এক পর্যায়ে জন্মদাতা বাবা ওসমান গণি মায়ের কোল থেকে শিশুকন্যা সাবরিনা জান্নাত মাহিরাকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় দেন। এ সময় বাড়ির লোকেরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর খুনি বাবা আত্মগোপনে চলে যায়।

তবে এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাবাকে না পেয়ে শিশুটির চাচাকে আটক করে নিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী জানান, ‘শিশু মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।’

তিনি আরো জানান, ‘আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় নিহত শিশু মাহিরার চাচা রোমানকে গ্রেফতার করা হয়েছে।’