সৌদি আরবে আগুনে নিহত ১৬ বাংলাদেশীর নওগাঁর ১০জন

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এখনো উদ্ধার কাজ পরিচালনা করছে। নিহতদের নাম পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে তারা সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
নিহত প্রবাসীরা
নিহত প্রবাসীরা |নয়া দিগন্ত

সৌদি আরবের রিয়াদে আগুনে পুড়ে নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের ১০জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (৯আগস্ট) দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া এ আগুন লাগার ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহলী গ্রামের লুৎফর (৩২), কলিমুদ্দীন (৩০), মোহন ওরফে জান্ডার ও রুবেল, পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মরহুম তমেজ উদ্ধীনের ছেলে মো: জলিল, বিশা ইউনিয়নের আজাহারের ছেলে সাহর, মাধবপুর গ্রামের মজনুর ছেলে মজিদুল, দুবাই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (৩০), বাদলের ছেলে সুমন এবং শাহগোলা ইউনিয়নের উদনপে গ্রামের ময়েন শেখের ফরিদ শেখ (৩২)।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় জানায়, আগুনে ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। তাদের লাশ শনাক্ত করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো বার্তায় বলা হয়, স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এখনো উদ্ধার কাজ পরিচালনা করছে। নিহতদের নাম পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে তারা সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে।

রাত সোয়া ১টার দিকে আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান বলেন, ‘রাত সাড়ে ১০টার সময় সাতজনের মৃত্যুর বিষয়টি জানা গিয়েছিল। পরে ১০জনের মৃত্যুর বিষয়টি জানা যায়। এখনো উপজেলার বিভিন্ন গ্রামে খোঁজখবর নেয়া হচ্ছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।’

নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, ১০জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। এখনো খোঁজখবর নেয়া হচ্ছে।