শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে দেশের মানুষ পরিবর্তন চায়। মানুষের ওপর খবরদারির রাজনীতি কেউ আর দেখতে চায় না।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মোস্তফাপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। তাই নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে।”
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দেশের সব নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বাস করবে—এটাই সরকারের লক্ষ্য। আইনের শাসন নিশ্চিত করা হবে এবং সবাই সমান সুযোগ পাবে। সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম প্রশাসনকে সহযোগিতা করে বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুর আরো বলেন, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় খাল খননের জন্য তালিকা চেয়েছে। খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।
এর আগে পথসভায় দলীয় নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।


