নাটোরের নলডাঙ্গা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে রাখা ব্যক্তিগত একটি মাইক্রোবাসে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাইক্রোবাসটিতে আগুন দেয়। তবে স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে মাইক্রোবাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আইনগত সহায়তা নিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আলম জানান, উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: হাসান আল জামানের বাড়ির উঠানে রাখা ব্যক্তিগত মাইক্রোবাসে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



