পটুয়াখালীর কুয়াকাটায় সরকারের ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনার দায়ে এক বরফকল মালিককে অর্থদণ্ড ও তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ মে) দুপুরে কুয়াকাটার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় অবস্থিত ‘ফাহিম মিনি আইস প্ল্যান্ট’-এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। এ সময় সংশ্লিষ্ট বরফকলটিতে লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলাকালে বরফকল চালু রেখে মাছ সংরক্ষণ ও বিপণনে সহায়তা করার অভিযোগে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় বরফকল মালিক হারুন অর রশিদকে (৪৯) ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসন জানায়, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘সমুদ্রে মাছ আহরণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রাখতে লাইসেন্সবিহীন বরফকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনের দায়ে বরফকল মালিককে অর্থদণ্ড ও অনাদায়ে কারাদণ্ড দেয়া হয়েছে।’



